বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) হিসেবে ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১–এর ধারা ২(ক)-এর প্রদত্ত ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো।
নির্দেশনা জারির পর থেকে বিষয়টি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে।সরকারি সূত্র মতে, এ ঘোষণার ফলে বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা, চলাচল, চিকিৎসা ও আনুষঙ্গিক কার্যক্রমে রাষ্ট্রীয় পর্যায়ের বিশেষ নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ও স্বাস্থ্যগত অবনতির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় সরকার এ সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।