ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি ভারতের সার্বিক সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। এ সময় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলকে আন্তরিকভাবে স্বাগত জানান।শনিবার সন্ধ্যায় রাজধানীর ‘রেডিসন ব্লু হোটেলে’ অনুষ্ঠিত এই আয়োজনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনও উপস্থিত ছিলেন।ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির বিশিষ্টজনেরা অংশ নেন।