
চট্টগ্রামের বাঁশখালীতে একই বাড়ির পৃথক কক্ষ থেকে এক ব্যক্তি ও তাঁর সাত মাস বয়সী জমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি জাহেদুল ইসলাম (৪৮)। তিনি বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাসিন্দা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি। নিহত দুই শিশুর নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের মেয়ে আফিয়া সোলতানার সঙ্গে জাহেদুল ইসলামের বিয়ে হয়। তাঁদের সংসারে সাত মাস আগে জমজ দুই কন্যাসন্তানের জন্ম হয়। এটি ছিল জাহেদুলের দ্বিতীয় বিয়ে।
পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
জাহেদুলের স্ত্রী আফিয়া সোলতানা জানান, শুক্রবার একটি মানত পালন করতে সন্তানদের বাড়িতে রেখে তিনি নাপোড়ার ভিলেজারপাড়া এলাকার একটি মসজিদে যান। পরে ঘটনার খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে দুই শিশুর মুখে ফেনা দেখতে পান এবং তাঁর স্বামীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, একই বাড়ি থেকে বাবা ও তাঁর দুই জমজ কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
ওসি আরও জানান, শিশুদের মরদেহের পাশে জাহেদুল ইসলামের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী। তার কাছ থেকে ২৬ হাজার টাকা পাব।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যার আগে জাহেদুল তাঁর দুই শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। যে কক্ষে জাহেদুলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেটির দরজা ভেতর থেকে হুক লাগানো ছিল। পরে দরজার পাশের বেড়া কেটে হুক খুলে উদ্ধারকর্মীরা ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের চালার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জাহেদুল এবং একই কক্ষের খাটের পাশে মেঝেতে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার | নির্বাহী সম্পাদক : তৌহিদ চৌধুরী
নিউ চৌধুরী মার্কেট, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম থেকে প্রকাশিত।
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020