
চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহরণের তিন দিন পর ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে (৩৬) কক্সবাজারের টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ভোরে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্পের (লেদা ক্যাম্প-২৫) একটি স্থানে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও ছয়জনকে আটক করে।
আটক অন্যরা হলেন—মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালীর পুঁইছড়ি প্রেমবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোহাম্মদ হাসানকে অপহরণ করা হয়। এ সময় এসআরবি পোশাক পরিহিত সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন তাঁকে তুলে নিয়ে যান।
পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে হাসানের স্ত্রী ও দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাঁদের গণমাধ্যমের মুখোমুখি করা হবে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার | নির্বাহী সম্পাদক : তৌহিদ চৌধুরী
নিউ চৌধুরী মার্কেট, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম থেকে প্রকাশিত।
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020