সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তর ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা; তাঁকে হাসপাতালে নেওয়ার পর পরিবারের তত্ত্বাবধানে ঢাকায় চিকিৎসা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্লী রানী মোদককে নিজের মৃত্যুর জন্য দায়ী করে ফেসবুকে পোস্ট করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ‘AC Land Jamalganj’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেওয়া হয়। এটি ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর এসিল্যান্ডের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে দাবি করে ‘ইউএনও জামালগঞ্জ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়।
পরে এসিল্যান্ডের বাসায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যরা। সেখান থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে ঢাকায় রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস আগে জামালগঞ্জ উপজেলায় যোগদান করেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্লী রানী মোদকের মুঠোফোনে একাধিকবার কল করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসিল্যান্ডকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেন।
ইউএনও জানান, শুক্রবার রাতে তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। ওই অনুষ্ঠানে এসিল্যান্ডের স্ত্রীসহ তিনি তাঁর বাসায় কেক কাটার আয়োজনে অংশ নিতে এসেছিলেন। সেখান থেকে বের হওয়ার পরই এসিল্যান্ড ফেসবুকে পোস্টটি দেন।
শিল্লী রানী মোদকের ভাষ্য, পোস্টের পর পুলিশসহ অনেকে এসিল্যান্ডের বাসায় যান। সেখানে গিয়ে তাঁকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। পরে তাঁর স্ত্রী তাঁকে চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে ঢাকায় আছেন।
এসিল্যান্ডের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ করেন ইউএনও। তাঁর দাবি, শুক্রবার রাতে আরিফুর রহমান শান্ত একজন আনসার সদস্যকে মারধর করেন। এ ছাড়া তাঁর তিন বছর বয়সী মেয়েকে মেরে ফেলার হুমকি দেন। রাস্তায় যাঁদের পেয়েছেন, তাঁদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখ করার কারণ নিয়ে প্রশ্ন তুলে শিল্লী রানী মোদক বলেন, “ফেসবুক পোস্টে সে কেন আমার নাম লিখেছে সেটি আমারও প্রশ্ন। কেন আমার নাম ব্যবহার করেছেন বুঝতে পারছি না।”
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান গণমাধ্যমকে বলেন, পরিবারের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, আরিফুর রহমান শান্ত আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন।
তিনি বলেন, এসিল্যান্ডের স্ত্রী তাঁদের জানিয়েছেন, কয়েক দিন আগে জামালগঞ্জে একটি শিশু মারা যায়। শিশুটির দেখভালের দায়িত্বে মূলত এসিল্যান্ড ছিলেন। ওই ঘটনার পর থেকেই তিনি তুলনামূলক বেশি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে রয়েছেন।
Leave a Reply