নিজস্ব প্রতিবেদক | বাঁশখালী এক্সপ্রেস ◾
চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমানের বাড়ির প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আমিনুর রহমানের অভিযোগ, রাতের কোনো একসময় ২-৩ জন দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনের প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে অবস্থিত মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না। তবে তাঁর ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান সাবেক এই চেয়ারম্যান।
তিনি আরও জানান, বিষয়টি রাতের দায়িত্বে থাকা পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) বাবুকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার আশঙ্কা নিয়ে আলোচনা থাকলেও আমিনুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সংশ্লিষ্টতার বিষয়েও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Leave a Reply