চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যার পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) উপজেলার বাহারচড়া ও সরল ইউনিয়নে পৃথক তিনটি ঘটনায় তাদের মৃত্যু হয়। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতরা হলেন, বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে আশিক (৭), একই ইউনিয়নের রত্নপুর এলাকার মিরাজ (৩) এবং সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার আব্দুল করিমের মেয়ে মোছাম্মৎ তাহিন নূর (১২)।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় নিজ নিজ বাড়ির উঠানে বের হওয়ার পর পাহাড়ি ঢলের প্রবল পানির স্রোতে ভেসে যায় আশিক ও মিরাজ। স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও এর আগেই তাদের মৃত্যু হয়।অপরদিকে, বিকেল চারটার দিকে সরল ইউনিয়নের পশ্চিম জালিয়াঘাটা এলাকায় বানের পানিতে তলিয়ে থাকা রাস্তা দিয়ে হাঁটার সময় পা পিছলে পানিতে পড়ে যায় তাহিন নূর। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।বাহারচড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম বলেন, পাহাড়ি ঢলের পানিতে ইউনিয়নের দুই শিশুর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পর আমাদের একটি উদ্ধারকারী দল সরল ইউনিয়নে গিয়ে তাহিন নূরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply