বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ পেল বাঁশখালীর ক্রিকেটার তানভীর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ ভিউ

চট্টগ্রামের বাঁশখালী ক্রিকেট একাডেমির কৃতি প্রশিক্ষণার্থী ইমরান হোসেন তানভীর জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৫-২৬’ সিজন-১-এ অংশ নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তানভীরের বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

তানভীর বাঁশখালী ক্রিকেট একাডেমির নিয়মিত প্রশিক্ষণার্থী। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার আগ্রহ, নিষ্ঠা ও পরিশ্রম নজরে আসে একাডেমির পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ এরশাদের। নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজের প্রতিভার বিকাশ ঘটান তিনি।‘নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৫-২৬’ সিজন-১-এ বাঁশখালী উপজেলা বালক ক্রিকেট দলের হয়ে অংশ নেন তানভীর। উপজেলা পর্যায়ে ভালো পারফরম্যান্সের মাধ্যমে দলকে চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে চট্টগ্রাম জেলা দলে সুযোগ পেয়ে সেখানেও ভালো পারফরম্যান্স করেন এবং দলকে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভূমিকা রাখেন।

এরপর বিভাগীয় দলে সুযোগ পান তানভীর। তবে বৃষ্টির কারণে ম্যাচের ফল টসের মাধ্যমে নির্ধারিত হলে চট্টগ্রাম বিভাগীয় বালক দলকে পরাজয় মেনে নিতে হয়। পরে জাতীয় পর্যায়ের ট্রায়ালে অংশ নিয়ে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবে এবার বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ পেলেন তানভীর।বিকেএসপিতে সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে তানভীর বলেন, “বাঁশখালী ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত না হলে আমাদের মতো দরিদ্র পরিবারের সন্তানদের ক্রিকেট খেলা হয়তো কল্পনা করাও সম্ভব হতো না। বাঁশখালী ক্রিকেট একাডেমির শ্রদ্ধেয় কোচ মোহাম্মদ এরশাদ স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।

তাঁর মতো একজন কোচ পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার। আজ আমি বিকেএসপিতে সুযোগ পেয়েছি—এর পেছনে স্যারের অবদান অনেক।”তিনি আরও বলেন, “আমি যখন প্রথম স্যারের কাছে গিয়ে বাঁহাতে ফাস্ট বোলিং করতাম, তখন একদিন স্যার হঠাৎ আমাকে ডেকে বলেন তুমি লেফটাম স্পিনার হিসেবে বল করার জন্য অনুরোধ করেন। স্যারের পরামর্শ অনুযায়ী আমি স্পিন বল করা শুরু করি। ওনার নির্দেশনা ও অনুপ্রেরণার কারণেই আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি। সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার স্যারের জন্য অনেক অনেক দোয়া ও সুস্বাস্থ্য কামনা করছি।”নিজের শিক্ষা প্রতিষ্ঠান কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তানভীর বলেন, “আমার শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্যারদের প্রতি আমি কৃতজ্ঞ।

ভবিষ্যতে আরও ভালো করার জন্য বাঁশখালীবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”তানভীরের সাফল্যে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি তানভীরের উত্তরোত্তর সাফল্য কামনা করার পাশাপাশি বাঁশখালী ক্রিকেট একাডেমির ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ এরশাদ বলেন, “তানভীরের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও একাগ্রতার ফলেই এই সুযোগ এসেছে। আমরা আশা করি, বিকেএসপির প্রশিক্ষণ কাজে লাগিয়ে সে ভবিষ্যতে আরও ভালো করবে এবং বাঁশখালীর মুখ উজ্জ্বল করবে।”

তানভীরের পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।ক্রীড়াসংশ্লিষ্টদের মতে, প্রত্যন্ত অঞ্চল বাঁশখালী থেকে তানভীরের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারের বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ স্থানীয় তরুণদের ক্রিকেটের প্রতি আরও উৎসাহিত করবে। নিয়মিত প্রশিক্ষণ, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বাঁশখালী থেকেও ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে বলে তারা আশা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme