টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনে আজ শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম সফরে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।দলীয় সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার সকাল ৮টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। বিমানবন্দরে পৌঁছে সরাসরি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলায় যাবেন। সেখানে দুর্গত মানুষের খোঁজখবর নেয়া এবং ক্ষয়ক্ষতির চিত্র পরিদর্শনের পর তিনি চট্টগ্রাম মহানগরীতে ফিরবেন।চট্টগ্রাম মহানগরীতে এসে জোহরের সালাত আদায় করবেন বিরোধীদলীয় নেতা। এরপর মহানগরীর কয়েকটি দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করবেন। সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন, স্থানীয় প্রশাসন, সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন।টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।উল্লেখ্য প্রবল বর্ষণ আর জোয়ারের পানিতে বন্দী বাঁশখালীর প্রায় ৩ লক্ষ মানুষ। বুধবার সন্ধ্যা থেকে টানা বর্ষণে পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে নিজেদের সর্বস্ব হারিয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলো। এই প্রতিবেদন তৈরী করা অবদি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।উপজেলার পশ্চিমাংশের ইউনিয়নগুলো ; বিশেষ করে খানখানাবাদ, বাহারচরা, পুকুরিয়া, কাথরিয়া, সরল, গন্ডামারা, শেখেরখীল, ছনুয়া ইউনিয়নের হাজার হাজার মানুষের এখনো পানীবন্দী। সারাবছরের সংরক্ষিত খাদ্যশস্য চোখের সামনে ভেসে গেছে। এক মাত্র মাথাগোঝার ঠাঁই টুকো পানিতে তলিয়ে গেছে। চুলা জ্বালিয়ে কিছু রান্না করবে এমন পরিস্থিতিও নেই অনেকের কাছে।
Leave a Reply