ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত দক্ষিণ চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে সিস্টেম গ্রুপ। সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।সিস্টেম গ্রুপের উদ্যোগে ১১ জন গ্রুপ লিডারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় এই সহায়তা। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম, ডা. আবুল কাশেম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু জাফর কাদেরী, সিস্টেম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মিছবাহ উদ্দীন কাদেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, বিএনপি নেতা সৈয়দ নুর এবং জাফর মেম্বার।
ত্রাণ বিতরণ শেষে মোহাম্মদ ফজলুল আজিম বলেন, গত আট দিনের টানা ভারী বৃষ্টিতে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। পানিবন্দী মানুষের অনেকেই খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব ও নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই সিস্টেম গ্রুপ বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, দুর্যোগের এ সময়ে দল-মতের বিভেদ ভুলে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর উচিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসা।
ফজলুল আজিম দীর্ঘমেয়াদি সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়া এলাকায় একটি কার্যকর মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে প্রতিবছর বন্যাজনিত এমন দুর্ভোগ থেকে মানুষকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে।পরে তিনি সাতকানিয়ার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।
Leave a Reply