চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত প্রায় ২টার দিকে সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ জিল্লুর রহমান পশ্চিম সরলের বেড়ীবাঁধ এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে মাছের ঘের ও লবণ মাঠের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতেও একই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিশোটা ও গোলাগুলির ঘটনা ঘটলে কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।এর আগে একই ইউনিয়নে ২০২৫ সালের ৬ অক্টোবর এবং ২৬ জুলাইও মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছিল।সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার বলেন, মাছের ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে ধারালো অস্ত্র ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।আনোয়ারা সার্কেলের এএসপি মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তদন্ত শেষে সংঘর্ষের কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।
Leave a Reply