চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাথরিয়া ডিগ্রিপাড়া বইশ্যাবর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান ওই এলাকার মোহাম্মদ মিয়ার একমাত্র ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের উপার্জনক্ষম একমাত্র সন্তান হিসেবে অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয় মেটাতে বাবাকে সহযোগিতা করতেন তিনি।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িটি মেরামতের কাজ চলছিল। সোমবার কাজের একপর্যায়ে বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হন আবদুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক আহমেদ। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুর রহমান। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা মোহাম্মদ মিয়া দিশেহারা হয়ে পড়েছেন।
আবদুর রহমানের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply