জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অন্তর্গত বাঁশখালী উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে বলে সংগঠনটির অনুমোদনপত্রে জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক তৌহিদুল ইসলাম সাঈদ ও সদস্য সচিব কায়েস আব্দুল্লাহ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মিজবাহ উদ্দীন মিনহাজকে আহ্বায়ক, সায়েদ জাবের সাকিব ও নুরুল্লাহ বাহারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সালাহ্ উদ্দীন ফারুকীকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া মোহাম্মদ রিয়াদ ও খন্দকার মোহাম্মদ মুরাদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং মোহাম্মদ রোহানকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন করা হয়েছে বলে অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।
অনুমোদনপত্রে আগামী সাত কার্যদিবসের মধ্যে বাঁশখালী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মিজবাহ উদ্দীন মিনহাজ বলেন, “বাঁশখালীর ছাত্রছাত্রীদের জন্য বাঁশখালী ছাত্রশক্তি ইউনিক কিছু করতে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের সকল ন্যায় ও অধিকার নিশ্চিত করাই হলো আমাদের প্রধানতম দায়িত্ব।”
তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষাবান্ধব পরিবেশ এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা রাখবে। পাশাপাশি বাঁশখালীর শিক্ষার্থীদের নিয়ে ইতিবাচক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি কার্যকর ছাত্রসংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নতুন কমিটির নেতারা জানান, আগামী দিনে বাঁশখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে তাদের সমস্যা, দাবি ও প্রত্যাশাগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডেও সংগঠনটি ভূমিকা রাখবে বলে জানান তারা।
Leave a Reply