চট্টগ্রামের কর্ণফুলীতে ভাড়া বাসায় ঘেরাও ও হেনস্তার শিকার হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিন। শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা তাঁর বাসা ঘেরাও করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় ছাত্রলীগ নেতা দিদার হোসেনের নেতৃত্বে একদল লোক কামাল উদ্দিনের ভাড়া বাসা ঘেরাও করেন। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে উপস্থিত ব্যক্তিরা ‘এই কামাইল্লারে ধর, এই কামাইল্লারে ধর’ বলে তাঁকে ধাওয়া করেন। খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এম কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ২০২২ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ৫ আগস্টের পর বিদেশে অবস্থানরত এবং দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন তিনি।
সম্প্রতি ৬৪ জেলায় কমিটি গঠনের ঘোষণা দিয়ে নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি হিসেবে দাবি করেন এই আইনজীবী।
ঘটনার বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, বাসা ঘেরাওয়ের খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কামাল উদ্দিনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply