ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। বহিষ্কৃত নেতাদের সম্ভাব্য ফেরার তালিকায় রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরানোর পরিকল্পনা করছে বিএনপির হাইকমান্ড। এরই মধ্যে বহিষ্কৃত কয়েকশ নেতাকর্মী দলে ফেরার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কালবেলার প্রকাশিত এক প্রতিবেদনে বহিষ্কৃত নেতাদের সম্ভাব্য ফেরার তালিকায় লিয়াকত বাঁশখালী তথা দক্ষিণ চট্টগ্রামের আলোচিত নেতা মোহাম্মদ লেয়াকত আলী চেয়ারম্যানের নাম উল্লেখ করা হয়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করায় কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী বহিষ্কারের মুখে পড়েন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতাদের আবেদনের ধরন, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা এবং অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দলীয় ঐক্য প্রতিষ্ঠা এবং তৃণমূলকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে লিয়াকত আলী চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। সম্ভাব্য তালিকায় নাম থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের পক্ষ থেকে।
Leave a Reply